বরিশাল

বামনায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত: কৃষক কার্ডের ১০টি মূল সেবা প্রসারের আহ্বান

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

 

২০ মে বুধবার বেলা ১১টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উৎসবমুখর পরিবেশে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

 

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সহায়তায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার আধুনিক ও টেকসই কৃষির রূপান্তরে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ১০টি মৌলিক সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে কৃষকদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে কৃষক কার্ডের প্রধান ১০টি ডিজিটাল ও মাঠপর্যায়ের সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

 

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, সাবেক পরিচালক মো. গাজী শাহ-ই আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাকিল আহমেদ প্রমুখ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. তাসমিন জাহান। তিনি উপজেলার কৃষি উন্নয়নের চিত্র এবং পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রমের অগ্রগতি বিস্তারিতভাবে সবার সামনে তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, "পার্টনার প্রকল্পের মাধ্যমে দেশের পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসছে। কৃষক কার্ডের এই ১০টি সেবা মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে পারলে আমাদের কৃষকরা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।"

 

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মোসা. নিকহাত আরা উপজেলার কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে এবং সরকারের এই যুগান্তকারী সেবাগুলো প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা, পার্টনার ফিল্ড স্কুলের সদস্য এবং বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর