ঢাকা

বিএসপিএসটির সভাপতি নির্বাচিত হলেন গাকৃবি অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া

ফসল উদ্ভিদ বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, শিক্ষক, গবেষক এবং পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন ড. মো. আব্দুল বাছেত মিয়া। একই কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

 

জানা যায়, গত ৩ জুন থেকে শুরু হওয়া সাংগঠনিক কার্যক্রম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অধ্যাপক ড. শ্রীপতি শিকদার ও ড. মো. সাজ্জাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুব ইসলাম ও অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন, প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. কামরুন নাহার, যুগ্ম প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. দিবেশ দাস এবং সেমিনার ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মো. সবিবুল হক।

 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, ড. মোসা. সালমা পারভীন, মো. মোশারফ হোসেন, ড. মীরা রানী দাস, হায়দার ইকবাল খান, ড. মো. শরিফুল ইসলাম, ড. বাবুল আক্তার এবং ড. এ. এফ. এম. শামিম আহসান।

 

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বলেন, “উদ্ভিদ বিজ্ঞান শুধু একটি একাডেমিক শাখা নয়; দেশের খাদ্যনিরাপত্তা, কৃষির স্থায়িত্ব এবং ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি। বিএসপিএসটিকে জ্ঞান, গবেষণা ও পেশাগত উৎকর্ষতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। তরুণ বিজ্ঞানীদের সম্ভাবনার বিকাশ এবং গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”

 

তিনি আরও বলেন, বর্তমান কৃষি ও খাদ্যব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভিদবিজ্ঞানীদের ভূমিকা আরও জোরদার করতে সংগঠনটি গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন কর্মসূচি হাতে নেবে।

 

বিএসপিএসটির লক্ষ্য হলো ফসল উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন শাখার পেশাজীবীদের মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং উদ্ভিদ বিজ্ঞানীদের পেশাগত উন্নয়নে সহায়তা করা। পাশাপাশি জাতীয় ও বৈশ্বিক কৃষি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জার্নাল, ম্যাগাজিন, পুরস্কার, বৃত্তি ও সনদ প্রদানের মাধ্যমে উদ্ভিদ বিজ্ঞানের বিকাশে অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি।

 

উল্লেখ্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ক্রপ বোটানিস্ট ও লেখক অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া কৃষি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। 



সম্পর্কিত খবর