চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়া অগণতান্ত্রিক ও দেশের স্বার্থবিরোধী বলে উল্লেখ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার (৪ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি পল্টন শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব কথা বলা হয়। সমাবেশে বক্তব্যে রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, জনমত উপেক্ষা করে যদি বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া হয় তখন বলতে হবে সরকার মুখে যাই বলুক না কেন আসলে তার মূল লক্ষ্য হলো, সবার আগে এবং সবার জন্য আমেরিকা।
নির্বাচিত হলেই সরকার গণতান্ত্রিক হয় না।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে নিজেকেই গণতান্ত্রিক সরকার প্রমাণ করতে হয়।
চট্টগ্রাম বন্দর বিদেশিদের না দেওার ব্যাপারে দেশের অধিকাংশ মানুষ একমত থাকলেও সরকার জনগণ উপেক্ষা করে বিদেশিদের বন্দর পরিচালনার ভার দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা অগণতান্ত্রিক ও দেশবিরোধী।
প্রিন্স বলেন, দেশ আজ উগ্র দক্ষিণপন্থি প্রতিক্রিয়াশীল ও সাম্রাজ্যবাদের দাসত্বের কবলে।
এরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি সবকিছুকে হাতের মুঠোয় নিয়ে আর একবার অগণতান্ত্রিক শাসনের ফাঁদে ফেলতে চায়। এই অবস্থায় দেশের সচেতনমহল কে জাগ্রত থাকতে হবে এবং দেশের স্বার্থ বিরোধী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
এছাড়া বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক মন্ডলীর সদস্য ত্রিদীব সাহা, সিপিবি পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল ও বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত প্রমুখ।