রংপুর

ভূমি দখলকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে —পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

ভূমি দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভূমি দখলকারী লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ ভূমি সেবা মেলা উদ্বোধনকালে এসব কথা বলেন।

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, ভূমি দখল করে ব্যক্তিবিশেষ লাভবান হলেও এর ক্ষতি বহন করতে হয় সাধারণ মানুষকে। তাই জনগণকেই ভূমি দখলকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

মঙ্গলবার (১৯ মে) সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের সম্পদ রক্ষায় বদ্ধপরিকর। যেকোনো অবৈধ দখল পুনরুদ্ধারে প্রশাসন কাজ করছে। দখলকৃত জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি জনগণের সম্পদ। তাই ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার ডিজিটাল পদ্ধতিতে সেবা সম্প্রসারণ করছে।

 

ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই ভূমি সেবা মেলাকে কেন্দ্র করে সকাল থেকেই কালেক্টরেট চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণ এবং তথ্য জানার জন্য মেলায় অংশ নেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। পরে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করে মেলার স্টল পরিদর্শন করেন তিনি।

 

মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান, পর্চা, জমির তথ্য যাচাইসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি নিকটস্থ ভূমি অফিসগুলোতে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

 

এ ছাড়া মেলায় কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনতামূলক বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। আয়োজকরা জানান, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও আধুনিক ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



সম্পর্কিত খবর