ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর (বিএডিসি) খামারের আরসিসি ঢালাই কাজে নিম্নমানের ইট, বালু, সিমেন্ট ও পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স এমআরপি ট্রেডার্স’ উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর কৃষি খামারে প্রায় ১৮ লাখ টাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে।
অভিযোগ রয়েছে, নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে বেশির ভাগই ২ ও ৩ নম্বর ইট। আর এসব নিম্নমানের ইট প্রকাশ্যেই ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ম্যানেজার আশরাফ ইসলাম নিম্নমানের ইট ও বালু ব্যবহারের কথা অস্বীকার করে বলেন, “আমরা প্রাক্কলন (ইস্টিমেট) অনুযায়ী কাজ করছি। এখানে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কোনো সুযোগ নেই।”
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “বাংলাদেশে পাথর পাওয়া যাচ্ছে না, কিছু পাথর খারাপ এসেছে। আপনারা ঢাকায় এলে দেখা করেন।”
বিএডিসির প্রকৌশলী মো. মামুন হোসেন বলেন, “আমি কাজের স্থানে গিয়ে প্রাক্কলন অনুযায়ী কাজ করার জন্য বলে এসেছি। তবে কাজে কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”