মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করায় তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ তুলে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান, জীবন ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সহসভাপতি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোছাব্বির আল মাসুদ।
তিনি বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ অবস্থায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
রোববার (১৭ মে ২০২৬) শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।
শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার অঞ্চলে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, মাদকের বিস্তার এবং সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মোছাব্বির আল মাসুদ বলেন, "মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই আমাকে এবং আমার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকির মুখোমুখি হতে হচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।"
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসা প্রয়োজন।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং মাদকসংশ্লিষ্ট ঘটনায় ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের সদস্যরা মাদক ও সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।