খুলনা

মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরলেন এক ঘণ্টা পর

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী 'সাগরদাঁড়ি ১৬১ আপ' ট্রেন দাঁড় করিয়ে নিখোঁজ হয়ে যান চালক। তবে এক ঘণ্টা ৭ মিনিট পর (সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে) চালক ফিরে এসে ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে নিরাপত্তার স্বার্থে স্টেশনমাস্টার ও কর্মচারীরা আত্মগোপন করেন। পরে ১ ঘণ্টা ৭ মিনিট পর চালক ফিরে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

ট্রেনের যাত্রী বাপ্পি নামের এক শিক্ষার্থী জানান, "আগামীকাল শুক্রবার আমার রাজশাহী বিএসসি পরীক্ষা, তাই পরীক্ষা দিতে যাচ্ছি। খুলনা থেকে এই ট্রেনে উঠেছি। আজ পৌঁছাতে না পারলে কীভাবে পরীক্ষা দেব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।"

 

এক ঘণ্টা পর ট্রেনের চালক মাহবুবুর রহমান ফিরে এলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি। তাঁর কাছে নিখোঁজের কারণ জানতে চাইলে তিনি কোনো কথা না বলে ট্রেন স্টার্ট দিয়ে হুইসেল বাজাতে থাকেন।

 

সাগরদাঁড়ি ট্রেনের গার্ড শফিকুল ইসলাম জানান, "গাড়ি গন্তব্যে নেওয়ার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে এসে বিকেল ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। এরপর গাড়ি ছাড়ার সিগন্যাল দিলেও ট্রেন না চলায় খোঁজ নিয়ে জানতে পারি চালক ট্রেন রেখে চলে গেছেন। তবে কী কারণে তিনি চলে গেছেন তা জানতে পারিনি।"

 

মোবারকগঞ্জ রেলস্টেশনমাস্টার শাহজাহান আলী জানান, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি ১৬১ আপ ট্রেনটি বিকেল ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। নিয়মানুযায়ী ২ মিনিট দাঁড়িয়ে থাকার পর সিগন্যাল দেওয়া হলেও ট্রেনটি ছাড়েনি। পরে চালকের কামরায় গিয়ে দেখা যায় দরজা বন্ধ এবং ইঞ্জিনও বন্ধ। এরপর থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়। এক ঘণ্টারও বেশি সময় পর চালক ফিরে এলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

 


সম্পর্কিত খবর