সিলেট

মৌলভীবাজারে র‍্যাব-ভোক্তা অধিকারের যৌথ অভিযান, অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার জেলা শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ মে ২০২৬) দুপুরে জেলা শহরের ব্যস্ততম চৌমুহনা এলাকায় পরিচালিত যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

 

র‍্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানের সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, অপরিচ্ছন্ন রান্নাঘর, নিম্নমানের খাদ্য সংরক্ষণ ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি নজরে আসে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ‘মামার বাড়ি রেস্তোরাঁ’কে ৩০ হাজার টাকা এবং ‘রাজমহল কনফেকশনারি’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। বিশেষ করে খাবারের মান, রান্নার পরিবেশ, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা এবং মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানানো হয়।

 

অভিযান চলাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. আল আমিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সভাপতি প্রফেসর সৈয়দ মুহাম্মদ মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

স্থানীয় সচেতন মহল বলছে, শহরের বিভিন্ন hotel ও রেস্তোরাঁয় দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগ রয়েছে। অনেক প্রতিষ্ঠানেই স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদ খাদ্য সংরক্ষণের ন্যূনতম মান বজায় রাখা হয় না। ফলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের এমন অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ভবিষ্যতেও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অমান্য করে খাদ্য প্রস্তুত বা সংরক্ষণ করলে কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না।



সম্পর্কিত খবর