অধিভুক্ত কলেজগুলোর সঙ্গে প্রশাসনিক যোগাযোগ সহজ করা এবং ভর্তি, পরীক্ষা ও ফল প্রকাশ কার্যক্রম দ্রুত সম্পন্নের মাধ্যমে সেশনজট কমাতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে আঞ্চলিক কেন্দ্র স্থাপনের ধারাবাহিকতায় এবার ময়মনসিংহ-এ চালু হলো নতুন আঞ্চলিক কেন্দ্র।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সদরের আমলীতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্র উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান বেলুন ও পায়রা উড়িয়ে কেন্দ্রটির কার্যক্রমের সূচনা করেন। উদ্বোধনী আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নতুন এই আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলার অধিভুক্ত কলেজ ও প্রফেশনাল ইনস্টিটিউটগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এখান থেকেই সম্পন্ন করতে পারবে। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এ উপলক্ষে ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর আমানুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ কামরুল হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এবং মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, আঞ্চলিক কেন্দ্র চালুর ফলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সেবা কার্যক্রম আরও দ্রুত, কার্যকর ও সহজলভ্য হবে, যা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
উপাচার্য প্রফেসর আমানুল্লাহ তার বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের সুফল অদূর ভবিষ্যতেই শিক্ষার্থীরা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে শিক্ষাখাতকে কার্যকরভাবে কাজে লাগাতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও গবেষণা কার্যক্রম জোরদার করা জরুরি। এজন্য জাতীয় বাজেটে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত তিন শতাংশ বরাদ্দ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।