নওগাঁর রাণীনগরে পথরোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককালে তাদের নিকট থেকে একটি ধারালো চাকু ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রাতেই মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী মাহাবুব আলম জানান, গত দুই মাস আগেও একই স্থানে দেশীয় অস্ত্রের মুখে তার আরও একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মাহাবুব আলম জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোনা বাজার থেকে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে এলাকার বড়বড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে ৭-৮ জনের একটি ডাকাত দল তিনটি মোটরসাইকেলযোগে এসে তার চলন্ত গাড়িটিকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। তারা লাথি ও কিল-ঘুষি মেরে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়ার এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় তিনি স্থানীয় লোকজনকে ডাকাডাকি করলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশসহ স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে খট্রেশ্বর মোড় এলাকায় মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো— নওগাঁ সদরের চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) ও একই গ্রামের মমিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, “মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আটককৃতদের নিকট থেকে একটি ধারালো চাকু, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাহাবুব আলম বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।”