দেশের ৩৫টি জেলা থেকে আগত পেশাদার ও অপেশাদার রানারদের (দৌড়বিদ) অংশগ্রহণে নওগাঁর রাণীনগরে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্রীড়ামুখী করার লক্ষ্যে রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর উদ্যোগে শনিবার সকালে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০০ জন দৌড়বিদ অংশ নেন।
এদিন সকালে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে (রাণীনগর থেকে সাহাগোলা পর্যন্ত) এই দৌড় অনুষ্ঠিত হয়। দৌড় শেষে সকাল সাড়ে ৯টায় রাণীনগর মহিলা অনার্স কলেজে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর ডা. মো. রুমন হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম রেজাউল ইসলাম রেজু। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এছাড়া রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হুসাইন, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরকোণ পত্রিকার সম্পাদক সিরাদুজ্জামান সিরাজ জয়, রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন ও রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সিজন-২ এ ১০ কিলোমিটার জেনারেল কাট-অফ টাইম ১ ঘণ্টা ৪০ মিনিট, ৫ কিলোমিটার পুরুষ বিগিনার কাট-অফ টাইম ১ ঘণ্টা, ৫ কিলোমিটার মহিলা কাট-অফ টাইম ১ ঘণ্টা এবং ১ কিলোমিটার শিশু কাট-অফ টাইম ১ ঘণ্টাসহ মোট ৪টি ক্যাটাগরিতে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের উৎসাহিত করতে রাইডো-এর পক্ষ থেকে আকর্ষণীয় প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়।
এতে ১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, ১ম রানার-আপকে ৪ হাজার, ২য় রানার-আপকে ৩ হাজার, ৩য় রানার-আপকে ১ হাজার ৫০০ এবং ৪র্থ রানার-আপকে ১ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া এই ক্যাটাগরির সেরা ১০ জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ৫ কিমি পুরুষ ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৩ হাজার, ১ম রানার-আপকে ২ হাজার এবং ২য় রানার-আপকে ১ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া এই ক্যাটাগরির সেরা ৫ জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ৫ কিমি মহিলা ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৩ হাজার, ১ম রানার-আপকে ২ হাজার এবং ২য় রানার-আপকে ১ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া এই ক্যাটাগরির সেরা ৫ জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ১ কিমি কিডস ক্যাটাগরির শিশুদের অনুপ্রাণিত করতে মোট ৪০ জন শিশু রানারকে ক্রেস্ট প্রদান করা হয়।