নরসিংদীর রায়পুরা সাংবাদিকদের সংগঠন রায়পুরা প্রেস ক্লাবে চুরির পর ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) সকালে ক্লাবে এসে ঘটনার বিষয়টি দেখতে পান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে রায়পুরা প্রেস ক্লাবে এটি চতুর্থবারের মতো চুরির ঘটনা। এর আগেও তিনবার চুরি হলেও থানায় পৃথক তিনটি লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি করা সত্ত্বেও কোনো প্রতিকার মেলেনি।
সরেজমিনে দেখা যায়, দুর্বৃত্তরা ক্লাবের টেলিভিশন, পানির মোটর, সাতটি বৈদ্যুতিক পাখা, দুটি কম্পিউটার ও স্পিকারসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে আসবাব ও কাচের জিনিসপত্র নষ্ট করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের।
খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক বলেন, “সকালে ক্লাব পরিষ্কার করার জন্য লোক নিয়ে তালা খুলে ভেতরে ঢুকেই দেখি সবকিছু এলোমেলো। কাচের জিনিসপত্র ভেঙে লণ্ডভণ্ড করা হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে সহকর্মী সাংবাদিক ও পুলিশকে জানাই।”
প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান বলেন, “রায়পুরা প্রেস ক্লাব আমাদের সাংবাদিক সমাজের ঐতিহ্য। দীর্ঘ ৪৩ বছরের ইতিহাস বহনকারী এই প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনা দুঃখজনক। এটি শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, সাংবাদিকদের নিরাপত্তারও বড় হুমকি। দ্রুত ভবনের নিরাপত্তা জোরদার এবং তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
ঘটনায় রায়পুরের সাংবাদিক সমাজ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে।