নরসিংদীর শিবপুরে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করার বিনিময়ে 'ফ্যামিলি কার্ড' করে দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। অভিযোগটি করেছেন স্থানীয় এক নারী।
সোমবার (২৭ জুলাই) অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগকারী নারীর দাবি, আশরাফ উদ্দিন আকন্দ তাঁকে গভীর রাতে পুকুরপাড়ে দেখা করতে বলেন এবং এর বিনিময়ে একটি 'ফ্যামিলি কার্ড' করে দেওয়ার আশ্বাস দেন। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও ওই নেতার কথায় সাড়া না দেওয়ায় সরকারঘোষিত গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে।
এদিকে অভিযোগসংবলিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগ অস্বীকার করে আশরাফ উদ্দিন আকন্দ বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, প্রায় পাঁচ মাস আগে তাঁর পা ভেঙে যায় এবং এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। তাই রাত ১২টার সময় পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, “অভিযোগকারী নারী ঈদের সময় আমার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন। তা দিতে না পারার পর থেকেই আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।”
শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন। আশরাফ উদ্দিন তাঁর সঙ্গে যোগাযোগ করে অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে, যারা এর পেছনে জড়িত তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।