গাজীপুর প্রতিনিধি: ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকার ১০৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে কলেজের ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
প্রতিনিধি দলটি বারি ক্যাম্পাসে পৌঁছালে কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে তাদের স্বাগত জানান বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বারির গবেষণা কার্যক্রম, উদ্ভাবন, অর্জন এবং কৃষি উন্নয়নে প্রতিষ্ঠানের অবদান তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্তসহ বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীরা।
মতবিনিময় শেষে প্রতিনিধি দলটি বারির বিভিন্ন গবেষণাগার, পরীক্ষাগার এবং গবেষণা মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষি উন্নয়নে বারির ভূমিকা সম্পর্কে অবহিত হন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বারির গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং কৃষি প্রযুক্তি উদ্ভাবনে প্রতিষ্ঠানের সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি দেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বারির অবদানকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।