আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের ৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর, ২০২৫) মৌলভীবাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা সভাপতি প্রফেসর মামুনুর রশিদ এতে সভাপতিত্ব করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে প্রফেসর মামুনুর রশিদ বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি আমরা সমর্থন করি। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা সহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
সমাবেশ শেষে প্রফেসর মামুনুর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের চেম্বারে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি হস্তান্তর করেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে শিক্ষকদের দাবি-দাওয়া শোনেন এবং তা যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী বেগ, জেলা কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আস আদুল্লাহ, মাদ্রাসা শিক্ষক পরিষদ জেলা সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা হারুনূর রশিদ তালুকদার, কলেজ শিক্ষক পরিষদ সেক্রেটারি মোঃ সিতাব আলী, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা সেক্রেটারি মোঃ শাহীন মিয়া, কিন্ডারগার্টেন জেলা সভাপতি হাবিবুর রহমান হারিস, এবং আদর্শ শিক্ষক পরিষদ বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ।