সিলেট

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, ৯.৬ ডিগ্রিতে কাঁপছে জনপদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার দেশের সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাহাড় ও হাওরবেষ্টিত এই জনপদে কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, শনিবার সকাল ৬টায় ১০.২ ডিগ্রি রেকর্ড করা হলেও ৯টায় তা কমে ৯.৬ ডিগ্রিতে দাঁড়ায়। সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, “পার্শ্ববর্তী ত্রিপুরা ও মেঘালয় থেকে আসা সরাসরি হিমেল বাতাসের কারণে শ্রীমঙ্গলে শীতের তীব্রতা দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি।”

 

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা শ্রমিক ও নিম্নআয়ের মানুষ। দিনের বেলা সূর্যের দেখা মিললেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়ছে জনপদ। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম জানান, শীতজনিত কারণে হাসপাতালে নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

 

পর্যটন নগরী শ্রীমঙ্গলে এমন আবহাওয়া পর্যটকদের আকৃষ্ট করলেও স্থানীয়দের জন্য তা চরম দুর্ভোগ বয়ে এনেছে। উল্লেখ্য, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের ইতিহাসের অন্যতম সর্বনিম্ন ২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।



সম্পর্কিত খবর