সিলেট

শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে হৃদয়বিদারক ঘটনা: ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু, আরেক ছেলে গুরুতর আহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের আরেক ছেলে, যার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশসহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আকল মিয়া (৭৭)। অভিযুক্ত তারই ছোট ছেলে মশিক মিয়া। এ ঘটনায় নিহতের আরেক ছেলে শহিদুর মিয়া (৪৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে মশিক মিয়া ধারালো ছুরি দিয়ে তার বাবার ওপর হামলা চালান। এতে আকল মিয়া ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে আরেক ছেলে শহিদুর মিয়াকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকেই উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ঘাতক ছেলেকে ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশসহ র‍্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



সম্পর্কিত খবর