নরসিংদীতে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমাণ শিক্ষা উপকরণ ও মালামাল চুরি করে নিয়েছে চোর চক্র। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে।
চোরচক্র বিদ্যালয়ের বারান্দার গ্রীল কেটে শিশুদের অনলাইন শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পীকার, ল্যাপটপ, এলইডি মনিটর, ৪ টি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা, ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘন্টা চুরির পাশাপাশি বিদ্যালয়টির জরুরি কাগজপত্র তছনছ করে। এতে বিদ্যালয়টির ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার জানান, ভগীরথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে ১৮২জন শিক্ষার্থী রয়েছে। সুনামের সাথেই শিশু শিক্ষার্থীদের পাঠদান করে আসছে প্রতিষ্ঠানটি। সরকারী এ প্রতিষ্ঠানে পাঠদানের জন্য ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন ইলেক্টনিক সামগ্রী ব্যবহৃত হতো। পাশাপাশি সিলিংফ্যান, টেবিলফ্যান ছিল ক্লাসরুমসহ প্রধান শিক্ষকের কক্ষে। বুধবার নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে দেখতে পাই মঙ্গলবার রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বিদ্যালয়টির অবস্থান মহাসড়কের পাশে হওয়ায় সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা ছিল, চোর চক্রটি চুরির পাশাপাশি বিদ্যালয়ে স্থাপন করা সিসি ক্যামেরাও খুলে নিয়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।