রংপুর

সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম অবহিতকরণে পঞ্চগড়ে নারী সমাবেশ

বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে নারীদের অবহিত করতে পঞ্চগড়ে একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর উপজেলার জাবুরীদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে সরকারের উন্নয়ন কার্যক্রম অবহিতকরণ বিষয়ক এ নারী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে নারীদের সচেতন ও সম্পৃক্ত করার মাধ্যমে পরিবার ও সমাজে উন্নয়নমূলক বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব। সরকারি বিভিন্ন সেবা, নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি সরকারি সেবা গ্রহণে জনগণকে সক্রিয় হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মো. কবির উদ্দিন বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই এ ধরনের সমাবেশের অন্যতম উদ্দেশ্য। তথ্যপ্রাপ্তি ও সচেতনতার মাধ্যমে জনগণ সরকারি সেবাগুলো আরও কার্যকরভাবে গ্রহণ করতে পারবেন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি। নারীদের বিভিন্ন সরকারি সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইয়াকুব আলী মিঞা বলেন, শিক্ষার প্রসার ও ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জাবুরীদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, নারী নেত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে নারীদের সরকারি বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং সামাজিক উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে টিফিন বাটি বিতরণ করেন। শিক্ষার্থীদের হাতে টিফিন বাটি তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিস, পঞ্চগড়ের আয়োজনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 


সম্পর্কিত খবর