খুলনা

সাবেক এমপি আনার নিখোঁজ না কি হত্যাকাণ্ড: দুই বছরেও হয়নি সঠিক তদন্ত

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের তিনবারের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার ভারতে গিয়ে নিখোঁজ বা হত্যাকাণ্ডের শিকার হওয়ার আজ দুই বছর পূর্ণ হলো। গত ২০২৪ সালের ১২ মে তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে হত্যার শিকার হন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। তবে আলোচিত ওই খুন বা নিখোঁজের আজও কোনো সঠিক হদিস মেলেনি।

 

ওই সময়ে বাংলাদেশ ও ভারতের একাধিক গণমাধ্যমে প্রচার হয়—একটি চক্র তাঁকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে খণ্ড-বিখণ্ড করে ফেলে দিয়েছে। এরপর বাংলাদেশের ডিবি পুলিশ খুনের রহস্য উন্মোচনে ভারতে তদন্তে গিয়ে এমপি আনারের মরদেহের কাটা টুকরো উদ্ধারের কথা জানায়। অপরদিকে ভারতের পুলিশ এমপি আনার হত্যা সন্দেহে কসাই জিহাদসহ ৩ জনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতেই ভারতের পুলিশ অভিযান চালিয়ে কলকাতার অদূরে একটি পুকুর থেকে কয়েক টুকরো হাড় উদ্ধার করে; যা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও সাবেক এমপি আনারের পরিবার ওই রিপোর্ট বা মরদেহের কোনো অংশ আজও হাতে পায়নি। যে কারণে পরিবারটি মরহুম এমপি আনারের জানাজা বা দাফন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।

 

এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন জানান, ভারতে চিকিৎসা নিতে গিয়ে তাঁর পিতার নৃশংস হত্যাকাণ্ডের কথা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। ডরিন ক্ষোভের সঙ্গেই বলেন, "একজন এমপি হত্যাকাণ্ড মামলার মূল আসামি সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা কীভাবে জামিন পায়? এখন আমি আমার পিতা হত্যার বিচার পাব তো?" ডরিন তাঁর বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

ডরিন আরও জানান, তাঁর পিতার দেহের খণ্ডাংশ উদ্ধারের পর ভারতীয় প্রশাসনের ডাকে ফরেনসিক রিপোর্টের জন্য নমুনা দিয়ে এসেছেন। কিন্তু দুই বছর পার হলেও এখনো তাঁরা কোনো চূড়ান্ত রিপোর্ট দেয়নি; বাবার মরদেহের খণ্ডাংশও পায়নি। যে কারণে ইসলামি শরিয়ত মোতাবেক আজও তাঁর বাবার জানাজা ও দাফন সম্পন্ন করতে পারেননি। এ ছাড়া বাবার মৃত্যুসনদ না পাওয়াতেও পরিবারের বিভিন্ন কাজ সম্পন্নে সমস্যা হচ্ছে।



সম্পর্কিত খবর