স্বাস্থ্যসেবার নামে অনিয়ম, লাইসেন্সবিহীন কার্যক্রম এবং প্রয়োজনীয় জনবল ছাড়া চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে নরসিংদী পৌর এলাকায় একটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠান দুটি থেকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যাথলজিক্যাল ল্যাব ও অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘আল ফালাহ পিপলস হাসপাতাল’-এ হালনাগাদ লাইসেন্স না থাকা, প্যাথলজিক্যাল ল্যাব ও অপারেশন থিয়েটারে মানসম্মত পরিবেশ নিশ্চিত না করা, ডিপ্লোমাধারী নার্স না রাখা এবং প্রয়োজনীয় ল্যাব টেকনিশিয়ান ছাড়া কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হাসপাতালটির প্যাথলজিক্যাল ল্যাব ও অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়।
একই অভিযানে ‘সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার’-এও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটির ল্যাব সিলগালা করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে প্রচলিত আইন, লাইসেন্সিং বিধিমালা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। এসব নিয়ম লঙ্ঘন করে কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বলেন, “স্বাস্থ্যসেবার নামে অনিয়ম, লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা কিংবা প্রয়োজনীয় জনবল ও মানসম্মত পরিবেশ ছাড়া রোগীদের চিকিৎসা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। জেলা প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত আরও জোরদার করা হবে এবং আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”