ঢাকা

১৮ দেশের সামরিক-বেসামরিক কর্মকর্তাদের ব্রি পরিদর্শন, গবেষণা কার্যক্রমে সন্তোষ প্রকাশ

জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি)-২০২৬-এর ১৪৫ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছে। প্রতিনিধিদলে বাংলাদেশসহ ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা অংশ নেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো—বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়া।

প্রতিনিধিদলটি ব্রি ক্যাম্পাসে পৌঁছালে ব্রির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।

পরিদর্শন উপলক্ষে ব্রির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক আফসারী খানম। অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম, প্রযুক্তি উদ্ভাবন এবং সাম্প্রতিক অর্জন বিষয়ে সচিত্র উপস্থাপনা করেন ড. মো. রফিকুল ইসলাম। পরে প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে ব্রির বিজ্ঞানী ও কর্মকর্তাদের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এনডিসি প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে ব্রির পক্ষ থেকে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন আফসারী খানম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. আমিনুল ইসলাম। এ সময় ব্রির বিভাগীয় ও শাখা প্রধান, ঊর্ধ্বতন বিজ্ঞানী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধিদল ব্রির ফার্ম মেশিনারি শেড, উদ্ভিদ প্রজনন ল্যাবরেটরি এবং জিন ব্যাংক পরিদর্শন করে। পরিদর্শনকালে ব্রির গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং ধান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁরা ব্রির বিভিন্ন সাফল্য ও অর্জনের প্রশংসা করেন এবং গবেষণা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।



সম্পর্কিত খবর