নরসিংদীর মাধবদীতে অভিযান চালিয়ে মো. রহিবুল ইসলাম রহিম (২৫) নামের এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১১, সিপিসি-১, নরসিংদীর একটি আভিযানিক দল। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাধবদীর ধুনদলপাড়া এলাকার রইজ উদ্দিন মোল্লার ছেলে আবুল কালাম (৩২) এবং একই এলাকার হবি মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৭)।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে মো. রবিউল আলম একটি পিকআপ ভাড়া করে ঢাকার কামরাঙ্গীরচর থেকে নরসিংদীর মাধবদীর শেখেরচরের উদ্দেশে থ্রি-পিসের মালামাল নিয়ে রওনা হন। পথে পিকআপে থাকা মালামাল চুরি হয়ে গেলে গাড়িচালক মো. রকিবুল ইসলামকে এর জন্য দায়ী করা হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে তাঁর কাছে ১ লাখ ২৩ হাজার টাকা দাবি করা হয়।
পরে বিষয়টি মীমাংসার জন্য রকিবুল ইসলামের ছোট ভাই রহিবুল ইসলাম রহিম মাধবদীর শেখেরচর পণ্ডিত বাজার এলাকায় গেলে তাঁকে জামিনদার হিসেবে আবুল কালামের বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, সেখানে রহিমকে তিন দিন ধরে আবুল কালাম, সাইফুল ইসলামসহ আরও কয়েকজন বিভিন্নভাবে নির্যাতন করেন। একপর্যায়ে তাঁকে জীবিত মুক্ত করে দেওয়ার শর্তে তাঁর ভাই রকিবুল ইসলামের মোবাইল ফোনে কল করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার খবর পেয়ে র্যাব-১১, সিপিসি-১, নরসিংদীর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে।
পরে ২ অক্টোবর বিকেল আনুমানিক ২টার দিকে মাধবদীর ভগীরথপুর এলাকায় আবুল কালামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে রহিবুল ইসলাম রহিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে আবুল কালাম ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ভুক্তভোগী ও গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।