খুলনা

চাঁদাবাজ বললেই মানুষ বুঝে ফেলে কোন দলের কথা বলা হচ্ছে: সংসদ সদস্য আলী আজম

চাঁদাবাজ বললেই সাধারণ মানুষ বুঝে ফেলে কোন দলের কথা বলা হচ্ছে। এসব দলীয়করণ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। নির্বাচনে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলেন, কিন্তু তাঁদের সেই আশা পূরণ হয়নি। ফলে ৭ দফা দাবিতে ১১-দলীয় জোটের লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে শহরের আলহেরা এলাকার জেলা জামায়াত কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ৩১ আগস্টের লংমার্চ সফল করতে ঝিনাইদহে ১১-দলীয় জোটের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। লংমার্চ কর্মসূচিতে ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

৭ দফা দাবি আদায়ে ১১-দলীয় ঐক্যজোটের নেতারা ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে পৌঁছাবেন এবং সেখানে পথসভা শেষে কুষ্টিয়ার আরেকটি পথসভায় যোগ দেবেন। ঝিনাইদহে বিকেল ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১-দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর