ময়মনসিংহ

জামালপুরে বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে এক বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত সুরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের শংকরপুর মোড়ে এই কর্মসূচি পালিত হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত সুরুজ্জামান সপরিবারে পলাতক রয়েছেন।

 

ভিকটিমের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি শুক্রবার রাতে শংকরপুর গ্রামের আনছার আলীর বাক্‌প্রতিবন্ধী মেয়ে বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সুরুজ্জামান (৩৫) ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান। ওই সময় ভিকটিমের বাবা ধর্মীয় সভা থেকে ফিরে এসে ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত দ্রুত পালিয়ে যান।

 

ভুক্তভোগীর বাবা আনছার আলী জানান, ঘটনার পর স্থানীয় প্রভাবশালীরা সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে কয়েক দিন সময়ক্ষেপণ করেন। শেষ পর্যন্ত কোনো বিচার না পেয়ে ঘটনার তিন দিন পর তিনি জামালপুর সদর থানায় সুরুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ গ্রহণ করলেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে।

 

বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী অভিযোগ করেন, অভিযুক্ত সুরুজ্জামান দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও এমন জঘন্য অপরাধ করেছেন। তাকে আইনের আওতায় না আনা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"



সম্পর্কিত খবর