ঢাকা

নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ, আহতদের প্রতি সহমর্মিতা এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয় হাইস্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই শহীদদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের চিত্রকর্ম পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোকচিত্র প্রতিযোগিতাতেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁদের আলোকচিত্রে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, দেশপ্রেম এবং সাম্যভিত্তিক সমাজ নির্মাণের প্রত্যাশা।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভা ও শহীদ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশ্ববিদ্যালয় নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম, জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আবু আশরাফ খান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (রেজিস্ট্রার) মো. আবদুল্লাহ্ মৃধা। আলোচনা পর্বের ফাঁকে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জ্ঞান, মানবিকতা, ন্যায়বোধ ও সততার চর্চা জরুরি।” তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই বৈষম্যহীন, গণতান্ত্রিক, বিজ্ঞানমনস্ক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। একই সঙ্গে দেশে যাতে ভবিষ্যতে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 


সম্পর্কিত খবর