পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফন কার্যক্রমে স্বাধীনতাবিরোধীদের বাধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাঁদের যথাযথ সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। কিন্তু স্বাধীনতাবিরোধীরা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফনে বাধা দিয়েছে, যা একটি স্বাধীন দেশে কখনোই কাম্য নয়। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তাঁরা। একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানান মুক্তিযোদ্ধারা।
বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।
মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন, রইচ উদ্দিন ও সফর আলীসহ অন্য মুক্তিযোদ্ধারা।