কাতারের প্রতিষ্ঠান কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আগামী ২৩ ডিসেম্বরের জন্য এই এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বিদ্যমান মূল্যের পরিবর্তে ভিন্ন মূল্যে অতিরিক্ত এই কার্গো এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) বাজারদরের চেয়ে ১০ সেন্ট কম নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে।