খুলনা

খুলনায় ১০ মাসে ৭২ হত্যাকাণ্ড

 

খুলনায় গত ১০ মাসে ৭২ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মহানগরীতে ৩৬টি এবং জেলার বিভিন্ন জায়গায় ৩৬টি হত্যাকাণ্ড ঘটে। সর্বশেষ  গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদসংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে শহীদুল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শহীদুল শেখের পিতার নাম মাহতাব শেখ। 

 

পুলিশ জানায়, চলতি বছরের প্রথম ২৯৪ দিনে মহানগরী ও জেলায় ৭১টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে নগরীতে ৩৫টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৩৬টি।

 

 

সর্বশেষ শহীদুল হত্যার মধ্য দিয়ে সেই সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও অপরাধী গ্রুপের বিরোধকে এসব হত্যাকাণ্ডের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

কেএমপির ফোকাল পার্সন ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম শাকিলুজ্জামান জানান, চলতি বছরের ১০ মাসে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় ৩৬টি হত্যাকাণ্ড ঘটে। অন্যদিকে, খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, একই সময়ে জেলার বিভিন্ন থানা এলাকায় ৩৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 



সম্পর্কিত খবর