নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শুক্রবার রাতে ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমার করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)। তারা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। একপর্যায়ে মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ মিনিট পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।