টপ নিউজ

শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় বৈঠকে বসেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)। রবিবার (২২ নভেম্বর) শুরু হওয়া এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। সোমবার শেষ হবে এই বৈঠক। চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।

বৈঠকে বাংলাদেশের পক্ষে যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

 

 

বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধি দলের হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণের কথা রয়েছে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় এটিই দুই দেশের মধ্যে সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। তবে চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়ে এবারের বৈঠকের আলোচ্যসূচিতে কোনো বিষয় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন। দুই দেশের সম্মতিতে প্রণীত যৌথ নদী কমিশনের বিধিমালা এবং ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে নদীর পানিপ্রবাহ নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 

 

এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানিবণ্টন সংক্রান্ত তথ্য বিনিময়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলে ন্যায্য হিস্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ যুক্ত করার দাবি উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, উজানে গঙ্গা নদীর ওপর ভারতের বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রভাবে শুষ্ক মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মার পানিপ্রবাহ কমে যায়। এতে কৃষি, মত্স্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।

 

 

ওই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান ছিল। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে দুই দেশ ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ১০ দিন পর পর পানি বণ্টনের কথা রয়েছে। চুক্তির নির্ধারিত সূচি অনুযায়ী, উভয় দেশের ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।

 



সম্পর্কিত খবর