জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। এ সময় সহকারী শিক্ষক রুহুল আমিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।” এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের স্থান নয়; বরং এটি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র।”
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।