কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাঁঠালবাড়ী গ্রামের মিজানুর রহমানের (৪০) টিনের চৌচালা ঘরের মালামাল লুটপাট, বসতঘর দখল ও মারধরের হুমকির অভিযোগ উঠেছে তাঁরই স্বজনদের বিরুদ্ধে।
ভুক্তভোগী মিজানুর রহমান কাঁঠালবাড়ী গ্রামের শাকিম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে ও অভিযোগ সূত্রে জানা যায়, পিতা শাকিম আলীর নির্দেশে মিজানুর রহমান বিভিন্ন স্থানে ঘরবাড়ি তুলে পরিবারসহ বসবাস করে আসছিলেন। তবে ভাই মিনারুল ইসলাম, মাইদুল ইসলাম, জাইদুল ইসলামসহ পরিবারের অন্য সদস্যদের নানা মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে উপজেলার মৌচাক এলাকায় বসবাস শুরু করেন।
এদিকে কাঁঠালবাড়ী গ্রামের পৈতৃক ভিটায় মিজানুরের একটি টিনের চৌচালা ঘর ছিল। তিনি মৌচাকে থাকার সুযোগে ১ নম্বর বিবাদী মিনারুল ইসলাম নিজ ইচ্ছায় ওই ঘরের মূল ফটকের ঠিক সামনে একটি পাকা ঘর নির্মাণ করেন। ফলে মিজানুর নিজের ঘরে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেন না।
খবর পেয়ে গত ৩ নভেম্বর সকালে মিজানুর মৌচাক থেকে কাঁঠালবাড়ীর বাড়িতে আসেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার জন্য সালিস বৈঠকের আয়োজন করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তিরা উপস্থিত মাতব্বরদের কথায় কর্ণপাত না করে উল্টো মিজানুরের ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় প্রতিবাদ করলে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
বর্তমানে অভিযুক্তদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মিজানুর ও তাঁর পরিবার। যেকোনো সময় তাঁকে ভিটেমাটি থেকে পুরোপুরি উচ্ছেদ করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। স্থানীয়ভাবে কোনো প্রতিকার না পেয়ে নিরুপায় হয়ে মিজানুর রহমান বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।