জাতীয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি পুলিশ বক্সে আগুন দেন। রোববার (১ নভেম্বর) সকালে পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।

 

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছিলেন।

 

 

এরই ধারাবাহিকতায় রোববার সকালেও শত শত শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তারা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দেন।

 

এ সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। এ ছাড়া শ্রমিকরা যানবাহন ভাঙচুর করেন এবং বিভিন্ন দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই কোনাবাড়ী এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর ও আগুন দেন।

 

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

 



সম্পর্কিত খবর