অর্থনীতি ও বাণিজ্য

৫৫ হাজার ৭৮০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কার ও আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে ৫৫ হাজার ৭৮০ কোটি টাকা (৪৫০ কোটি ডলার) ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। দেশের ব্যাংকিং খাতের তদারকি ব্যবস্থা শক্তিশালী করা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার এবং আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ অর্থ ব্যয় করা হবে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদরদপ্তরে সংস্থাটির নির্বাহী পরিচালক পর্ষদ এ ঋণ অনুমোদন করে।

 

 

‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ কর্মসূচির আওতায় এ অর্থায়ন করা হচ্ছে। প্রকল্পটির অন্যতম প্রধান লক্ষ্য হলো ছোট আমানতকারীদের অর্থের সুরক্ষায় আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা ও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলতেও এ অর্থ ব্যবহার করা হবে। এ ছাড়া আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়ানো, ব্যাংকগুলোর জরুরি তারল্য সহায়তার কাঠামো প্রতিষ্ঠা এবং সংকটাপন্ন ব্যাংক পুনর্গঠনের কৌশল তৈরিতে সহায়তা করবে প্রকল্পটি।

পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার এবং ব্যাংক রেজ্যুলিউশনের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করা হবে।

বিশ্বব্যাংকের মূল্যায়নে, বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে দুর্বল করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক সংস্থার সীমাবদ্ধতা এবং অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণের কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চের শেষ নাগাদ দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ শতাংশে। বিপরীতে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের গড় হার ৭ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ আঞ্চলিক গড়ের তুলনায় বাংলাদেশের খেলাপি ঋণের হার চার গুণেরও বেশি।

 

এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বরের শেষ নাগাদ দেশের পুরো ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মোকাবিলার দুর্বল অবস্থার প্রতিফলন এই চিত্র।

 

বিশ্বব্যাংকের মতে, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, তদারকি ব্যবস্থা উন্নত করা এবং আর্থিক ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কার ছাড়া দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি কঠিন। এ লক্ষ্যেই নতুন প্রকল্পের আওতায় এই অর্থায়ন করা হচ্ছে।

 



সম্পর্কিত খবর