"ঘর থেকে শুরু করি, দুর্যোগসহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাকসুদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ হাসান, বাউফল পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নুরুল আলম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় পরিবার থেকেই সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।