সিলেট

জমি নিয়ে বিরোধে শাবানা হত্যা: ১০ বছর পর চারজনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন কয়েকজন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পৃথক অপরাধে আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত আবুল বাশারসহ কয়েকজন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নাসীর মিয়া, বিলাল মিয়া, গিয়াস মিয়া ও দুলাল মিয়া। মামলার সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত বিলাল মিয়া নিহত শাবানা বেগমের সৎভাই।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সহোদর ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার অন্যান্য অপরাধের ধারায় মহিবুর রহমান অমৃতকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভুক্তভোগী মায়া বেগমকে গুরুতর জখম করার অপরাধে দণ্ডবিধির ৩২৬ ধারায় তাঁকে এ সাজা দেওয়া হয়।

অন্যদিকে, সেলিনা বেগমকে আঘাত করার অপরাধে জয়নাল মিয়াকে দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত আবুল বাশার এবং আলী ইসলাম, হাসি বেগম, জাভেদ ও নাজমীন বেগমসহ অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে।

রায় সম্পর্কে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মাতিন চৌধুরী বলেন, “এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। মৌলভীবাজারে এ ধরনের মামলা দ্রুততার সঙ্গে ধারাবাহিকভাবে নিষ্পত্তি হচ্ছে, যা ন্যায়বিচারের প্রতিফলন।” তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।



সম্পর্কিত খবর