এক নারীকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে খাইরুল ইসলাম (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে র্যাব-১৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর মেয়েকে পড়ানোর সুবাদে অভিযুক্ত শিক্ষক খাইরুল ইসলাম তাদের বাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগ অনুযায়ী, গত ৮ আগস্ট তিনি ওই নারীকে ধর্ষণ করেন এবং তার আপত্তিকর ছবি ধারণ করেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে র্যাব-১৪-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।