রংপুর

তিন প্রজন্মই ঐক্যের রাজনীতি ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে— পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমানের তারেক রহমান—এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৭ নভেম্বরের প্রেক্ষাপট, রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের শূন্যতা কাটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমেই বাংলাদেশ একটি নিশ্চিত ও শক্তিশালী নেতৃত্বে এগিয়ে গিয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী দিনে দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে এই সম্ভাবনাময় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে পঞ্চগড়ের বিশেষ প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দলমত ও সর্বস্তরের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পঞ্চগড় উপহার দিতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন করতে হবে।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সায়েম, জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পিপি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আদম সুফিসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর