নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। এই কূপ থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে ‘সুন্দলপুর সাউথ-১’ কূপের ড্রিলিং শেষে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়। তবে ডিএসটি (DST) পরীক্ষা শেষে গ্যাসের নিশ্চিত পরিমাণ জানা যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ শেষে সোমবার দুপুরে পরীক্ষা হিসেবে প্রজ্জ্বলনের (ফ্লেয়ারিং) মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে অতিরিক্ত উত্তাপের কারণে সাময়িকভাবে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, তাদের উপস্থিতিতে নতুন করে পুনরায় আগুনের শিখা জ্বালানো হবে।”