খেলাধুলা

ব্রাজিল তারকার ৫ কোটি টাকার সম্পদ লুট

চলতি লা লিগার মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে মাঠে জয় তুলে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে রোমাঞ্চকর সেই ম্যাচটি যখন ডাগআউটে বসে উপভোগ করছিলেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও, ঠিক সেই সুযোগেই তার বাসায় ঘটে গেল এক বড়সড় চুরির ঘটনা।

 

 

এল ক্লাসিকোর উত্তেজনার সুযোগ নিয়ে চোরেরা হানা দিয়ে তার বাসা থেকে প্রায় সাড়ে তিন লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকা) সমপরিমাণ মূল্যের মূল্যবান সম্পদ ও গয়না লুটে নিয়েছে।

স্প্যানিশ প্রভাবশালী সংবাদমাধ্যম এল মুন্দোর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, যখন মাঠে রিয়াল ও বার্সার হাড্ডাহাড্ডি লড়াই চলছে, ঠিক সেই সময়েই মিলিতাওয়ের বিলাসবহুল বাড়ির তৃতীয় তলার বাথরুমের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। এরপর তারা ব্রাজিলিয়ান তারকার ব্যক্তিগত শোবার ঘরটি পুরোপুরি তছনছ করে ফেলে এবং সেখান থেকে নামিদামি ব্র্যান্ডের দামী ব্যাগ, বিলাসবহুল ঘড়ি ও বহুমূল্য গয়না চুরি করে চম্পট দেয়।

 

প্রতিবেদনে জানা গেছে, ম্যাচ শেষে বাড়ি ফিরে মিলিতাও দেখতে পান যে তার সংগ্রহে থাকা ৫৩ হাজার ইউরো মূল্যের একটি রোলেক্স ঘড়ি এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ইউরো মূল্যের একটি অতি মূল্যবান রিচার্ড মিল ঘড়ি উধাও হয়ে গেছে। শুধু ঘড়িই নয়, এর পাশাপাশি প্রায় ১৫ হাজার ইউরো মূল্যের তিনটি শ্যানেল ব্যাগ, প্রায় ২৫ হাজার ইউরো মূল্যের কার্টিয়ার ব্র্যান্ডের আংটি ও ব্রেসলেট এবং আরও কিছু এক্সক্লুসিভ গয়না, ব্রেসলেট ও সুটকেস চুরি হয়েছে। সবমিলিয়ে খুইয়ে ফেলা এই জিনিসগুলোর মোট আর্থিক মূল্য ৩ লাখ ৫০ হাজার ইউরো ছাড়িয়ে যাবে।

 

সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ঘটনার সময় মিলিতাওয়ের পরিবারের সদস্যরা বাসাতেই উপস্থিত ছিলেন এবং তারা নিচতলায় বসে পরম উত্তেজনায় এল ক্লাসিকো ম্যাচ দেখছিলেন।

 



সম্পর্কিত খবর