রাজশাহী

রাণীনগরে বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

নওগাঁর রাণীনগর থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অ্যালকোহল ও বাংলা মদ উদ্ধার করা হয়। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার রাতেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডলের ভাষ্যমতে, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুজাইল এলাকা থেকে কাশিমপুর চারাপাড়া গ্রামের ইয়াদুল সরদারের ছেলে রাসেল সরদার (১৯), বাহাদুরপুর গ্রামের দুলাল সরদারের ছেলে সবুজ সরদার (২৪), একই গ্রামের মীর হোসেনের ছেলে আহম্মদ আলী (৩১) এবং এনায়েতপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে নাজিম উদ্দীনকে (২৪) আটক করা হয়। আটকের সময় তাঁদের কাছ থেকে ৩ লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে উপজেলার জালালাবাদ গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের রাজ প্রামাণিকের ছেলে আব্দুর রহমান প্রামাণিককে (৬৩) আটক করা হয়। এ সময় আব্দুর রহমানের বাড়ি তল্লাশি করে সাড়ে ৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার রাতেই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ হেফাজতে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।



সম্পর্কিত খবর