যশোরের অভয়নগর উপজেলায় নবপ্রতিষ্ঠিত ‘দারুল উলূম নওয়াপাড়া মাদরাসা’র আনুষ্ঠানিক উদ্বোধন ও শিক্ষা কার্যক্রমের সূচনা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার নওয়াপাড়া ধোপাদী মোড় এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মুফতি আব্দুস শাকুর যশোরী।
মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম টুকু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জোবায়ের হোসেন, নওয়াপাড়া সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম, হাসপাতাল জামে মসজিদের ইমাম হাসানুর রহমান এবং নওয়াপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। বর্তমানে এখানে নাজেরা ও হিফজ বিভাগের পাশাপাশি প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত নূরানী বিভাগ চালু করা হয়েছে। আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।
মাদরাসার পরিচালক মুফতি সাজ্জাদুর রহমান জানান, আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেণি কার্যক্রম শুরু হবে। দাতা ও প্রতিষ্ঠাতা নাজমুল হাসান লিটু এবং বিলকিস রহমানের উদ্যোগে মূলত এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।