“করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে এবং সমবায়ীবৃন্দের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জাতীয় পতাকা উত্তোলন শেষে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সহ-সভাপতি অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, গ্রামীণ মিডিয়া মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে সমবায়ীবৃন্দ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ৫টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।