গণমাধ্যম

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃত্বে রচি-মশিউর, নতুন কমিটি গঠন

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শওকত ওসমান রচি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মশিউর রহমান মজুমদার। গত ৯ ডিসেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটে তারা নির্বাচিত হন।

শওকত ওসমান রচি বাংলা খবর ডট নিউজ এবং মশিউর রহমান মজুমদার খবর পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন:

* সহ-সভাপতি: মনজুরুল হক (সাপ্তাহিক প্রথম আলো)

* যুগ্ম-সাধারণ সম্পাদক: আবু বকর সিদ্দিক (সাপ্তাহিক আজকাল)

* কোষাধ্যক্ষ: মল্লিকা খাঁন মুনা (মাই টিভি)

* কার্যনির্বাহী সদস্যরা: দর্পণ কবীর (দেশকণ্ঠ), মোহাম্মদ সাঈদ (সাপ্তাহিক প্রবাস), তোফাজ্জল লিটন (প্রথম আলো), এবং শামীম আহমেদ (টিবিএন২৪)।

২০০৮ সালে প্রতিষ্ঠিত আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব পেশাজীবী সাংবাদিকদের অন্যতম সংগঠন। ক্লাবের বিদায়ী সভাপতি মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা পরিচালনা করেন মনজুরুল হক। এ সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৬ জন নতুন সদস্যের যোগদান অনুমোদন করা হয় এবং তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

Untitled-20-4

সভার শুরুতে ক্লাবের প্রয়াত সদস্য আব্দুল হাই স্বপনের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ ওয়ালিউল আলম।

সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের বার্ষিক প্রতিবেদন পেশ করেন, যা সদস্যদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়। ক্লাবের শক্তিশালী ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দর্পণ কবীরসহ উপস্থিত বিশিষ্ট সদস্যরা।

নবনির্বাচিত সভাপতি শওকত ওসমান রচি এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার তাদের বক্তব্যে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও প্রভাবশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মল্লিকা খাঁন মুনা, সৈয়দ ওয়ালিউল আলম, পাপিয়া বেগমসহ অন্যান্য সদস্যরাও ক্লাবের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিদায়ী সভাপতি মোহাম্মদ সাঈদ উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

বায়ান্ন/এসএ

 

 



সম্পর্কিত খবর