ঢাকা

ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার ডাক দিলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ইনসাফ, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ সমৃদ্ধ একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় ১১ দলীয় জোট। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এই সভায় ডা. শফিকুর রহমান বলেন, “বিগত ৫৪ বছরে অনেক ওয়াদা দেওয়া হলেও তা পূরণ হয়নি। দেড় সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে আসা এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, বরং এটি নতুন বাংলাদেশ গড়ার লড়াই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।” তিনি আরও উল্লেখ করেন, চরম জুলুমের মুখেও তারা দেশ ছাড়েননি এবং ভবিষ্যতেও জনগণের সুখে-দুঃখে পাশে থাকবেন।

 

জনসভায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে জেলার আটটি আসনের জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের যোদ্ধাদের সম্মানে 'হ্যাঁ' ভোটের মাধ্যমে জোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা দেলোয়ার হোসেন, অধ্যক্ষ খলিলুর রহমান মাদানীসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ। জনসভাকে কেন্দ্র করে শহরজুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।



সম্পর্কিত খবর