অর্থনীতি ও বাণিজ্য

কাজে ফিরেছেন গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা

কয়েকদিন টানা উত্তেজনা, সংঘর্ষের পর ঘোষিত মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে মালিক-শ্রমিকের সম্মতির ঘোষণায় কাজে ফিরেছেন শ্রমিকরা। শ্রমিকরা খুশি মনে কাজে ফিরে যাওয়ায় ঘুরেছে কলকারখানার চাকা, পুরোদমে চলছে উৎপাদন। আর এতে স্বাভাবিক হয়েছে গাজীপুর শিল্পাঞ্চল। রোববার (৮ নভেম্বর) এখনো গাজীপুর শিল্পাঞ্চলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

 

এদিন সকাল থেকেই গাজীপুর শিল্পাঞ্চলের কোনাবাড়ি, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, বাংলা বাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন কারখানার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে। সরকারের গঠন করা মজুরি বোর্ড কর্তৃক বেতন বাড়ানোর আশ্বাসে আশ্বস্ত হয়ে আন্দোলন থেকে কাজে ফিরেছেন শ্রমিকরা। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি থেকে তা পাবেন।

 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়। শিল্প পুলিশের সদস্যরা মহাসড়কের প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে আছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, আজও শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ ঠেকাতে ১২ প্লাটুন, এসআরবি ৮ প্লাটুন ও ৫ প্লাটুন আনসার মোতায়েন থাকবে। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের সদস্যরাও মহাসড়কসহ বিভিন্ন সড়কে অবস্থান করবে।

 

 



সম্পর্কিত খবর