ঝিনাইদহের কালীগঞ্জে পৌর জাতীয় পার্টির সভাপতিসহ ১৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁনের হাতে ফুল দিয়ে তারা এই যোগ দেন।
যোগদানকারী প্রধান নেতাদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি এনামুল হক সিদ্দিক এবং উপজেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিরুল ইসলাম আমির। তারা জানান, গত ৫ ফেব্রুয়ারি জাতীয় পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেওয়ার পর আজ বিএনপিতে যোগ দিয়েছেন। এনামুল হক সিদ্দিক বলেন, “দলীয় কার্যক্রম নিষ্ক্রিয় থাকায় আমরা পদত্যাগ করেছি। এখন থেকে জাতীয় পার্টির সঙ্গে আমাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।”
যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক হারুনর রশিদ মোল্লা এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিনি উপস্থিত ছিলেন।
এদিকে দল ত্যাগের বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু জানান, তিনি গণসংযোগে ব্যস্ত রয়েছেন। তিনি বলেন, “দলের কোনো নেতাকর্মী পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন কি না, তা এখনো আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।”
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ উপজেলা ও সদরের ৪টি ইউনিয়ন) বিএনপি মনোনীত রাশেদ খাঁন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মাওলানা আবু তালিব, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলনের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম এবং জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।