ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৮০৪ জন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ মিলনায়তনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।
জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাসউদ। উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় কোটচাঁদপুর উপজেলার ৫৭ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২৪৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৪৯৮ জন পোলিং কর্মকর্তা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অধিবেশনে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। এছাড়া উপজেলা ও জেলা নির্বাচন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রশিক্ষণ কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করেন।