রাজশাহী

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে চার শতাধিক শিক্ষার্থীর মাঝে ডিম বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে পুষ্টিসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'অ্যাহেড সোশ্যাল অর্গানাইজেশন' (এসো) এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থীর মাঝে ডিম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক মিয়া বলেন, “ডিম সহজলভ্য ও পুষ্টিকর প্রাণিজ আমিষের উৎস। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুষম খাদ্যাভ্যাসে ডিম অন্তর্ভুক্ত করার পাশাপাশি নিরাপদ উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, “শিশুদের মেধা বিকাশ ও শারীরিক বৃদ্ধিতে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।”

‘এসো’-এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল উদ্দিন ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ উৎপাদনের গুরুত্ব তুলে ধরে বলেন, “আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও জীবনিরাপত্তা নিশ্চিত করা গেলে ডিমের উৎপাদন ও গুণগত মান বাড়বে।”

‘এসো’-এর উপপরিচালক ও ফোকাল পয়েন্ট কৃষিবিদ মো. মোজাফফর রহমান বলেন, “পিকেএসএফের সহযোগিতায় এসো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং পুষ্টিসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নিমগাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর